খবরবাংলা ডেস্ক :
প্রচলিত আমলাতান্ত্রিক ব্যবস্থার বাইরে গিয়ে উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (২৩ আগস্ট) সকালে মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন নেতৃত্বে একটি কার্যকর টিম গঠন করে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে চান তিনি। মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাকে নিজের প্রথম কাজ হিসেবে উল্লেখ করেন তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা থাকবে, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও থাকবে। মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করতে প্রচলিত আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে কাজ করার পাশাপাশি নতুন ও উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
কাজের সুবিধার্থে সপ্তাহে এক দিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর কার্যক্রম আরও কাছ থেকে সমন্বয় করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এম রশিদুজ্জামান মিল্লাত। তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নেতৃত্বে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে সবাইকে নিয়ে কার্যকর টিম হিসেবে কাজ করতে চান তিনি।
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর আশা
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর বিষয়ে তারা আশাবাদী। বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে চলছে।
তিনি বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে বিমান যোগাযোগ আরও শক্তিশালী করা প্রয়োজন। এ জন্য বিমানবন্দরের অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং আগামী ১৬ ডিসেম্বর করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। এ বিষয়ে জাপানের একটি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আগামী বছর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর লক্ষ্যেও কাজ চলছে বলে জানান তিনি। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে শিগগির লিজ নেওয়া ১০টি উড়োজাহাজ যুক্ত করার আশা প্রকাশ করেন মন্ত্রী।
ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পাবনার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে সেখানে শিগগির ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট কমে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে ফ্লাইট পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই চলছে।
এর আগে সকাল ৯টার দিকে মন্ত্রণালয়ে যোগ দেন নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











