খবরবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদল।
রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনায় উভয় পক্ষ প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।
আইএসপিআরের মতে, এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











