খবরবাংলা ডেস্ক :
বাংলা ভাষার একটি অনুপ্রেরণামূলক গানের লাইন এবার জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরোর প্রত্যাবর্তনকে তুলে ধরতে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত বাংলা লাইন—‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’।
মঙ্গলবার (বাংলাদেশ সময়) বিকেল ৩টা ৫২ মিনিটে প্রকাশিত ওই পোস্টে কোনো অনুবাদ ছাড়াই বাংলা ভাষাতেই লাইনটি লেখা হয়। ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর বার্তা বহনকারী পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে ৭৫ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় আড়াই হাজার মন্তব্য এবং দেড় হাজারের বেশি শেয়ার জমা পড়ে।
বিশ্বমঞ্চে নিজের লেখা গানের লাইন ব্যবহৃত হতে দেখে আবেগাপ্লুত হয়েছেন গীতিকার আসিফ ইকবাল। তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, ২০০৪ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার জন্য গানটি লিখেছিলেন। গানটির সুর করেন নকীব খান। এতে কণ্ঠ দেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, কনকচাঁপা, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নীসহ একাধিক শিল্পী।
আসিফ ইকবাল লিখেছেন, গানটি লেখার সময় তিনি কখনো ভাবেননি এটি একদিন কোটি মানুষের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে। তার আশা ছিল, হয়তো কিছু মানুষ গানটি শুনবে, গুনগুন করবে কিংবা কঠিন সময়ে সাহস পাবে। কিন্তু সময়ের সঙ্গে গানটির আবেদন আরও বিস্তৃত হয়েছে।
তিনি জানান, ‘যদি লক্ষ্য থাকে অটুট’ লাইনটি জাতীয় সংসদ, খেলাধুলার মাঠ, বিভিন্ন সভা-সমাবেশ, সংকট ও বিজয়ের মুহূর্তসহ নানা প্রেক্ষাপটে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এমনকি এই জনপ্রিয়তার কারণেই তিনি নিজের একটি বইয়ের নামও রেখেছেন ‘যদি লক্ষ্য থাকে অটুট’।
ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে নিজের লেখা দেখতে পাবেন, এমন কল্পনাও কখনো করেননি বলে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আল্লাহর পরিকল্পনা আমার কল্পনার চেয়ে অনেক বড়। আজ সেই একই লাইন ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে। আমার প্রিয় খেলোয়াড় কাসেমিরোর ছবিসহ ব্রাজিলের ফিরে আসার গান হিসেবে। বাংলায়। কোনো অনুবাদ ছাড়া। পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মঞ্চে।’
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘একটা লাইন। গান থেকে সংসদে। সংসদ থেকে বইয়ের নামে। বই থেকে ফিফার পেজে। প্রতিটি ধাপে আমি শুধু দিয়ে গেছি। কোনো দিন ভাবিনি, কোথায় কী পৌঁছাবে।’
এই স্বীকৃতিকে ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলা ভাষা ও বাংলাদেশের সম্মান হিসেবে দেখছেন আসিফ ইকবাল। তার ভাষায়, ‘এই অর্জন আমার না। এ অর্জন বাংলাদেশের। বাংলা ভাষার। চট্টগ্রামের একটা ছেলে একদিন একটা লাইন লিখেছিল। সে লাইন আজ বিশ্বমঞ্চে। কারণ ছোট দেশের ছোট মানুষের কথাও একদিন পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে পৌঁছায়। শুধু লক্ষ্য থাকতে হয় অটুট।’
তথ্য সূত্র : কালের কণ্ঠ











