খবর বাংলা ডেস্ক :
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি-৩০০১ ফ্লাইটটি শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে সৌদি আরবের কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবে পৌঁছানোর পর হজযাত্রীদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং রিফ্রেশমেন্ট কিট প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের অপারেশন প্রধান ইহাহিয়া রাদি এবং সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। তাদের মতে, যাত্রার শুরু থেকেই পুরো প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। বিশেষ করে ইমিগ্রেশন, বোর্ডিং পাস ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে হজযাত্রা শুরু করতে পেরেছেন।
চলতি বছর হজযাত্রী পরিবহনে দায়িত্ব পালন করছে তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও হজ ফ্লাইট পরিচালিত হবে।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











