খবর বাংলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ফুটবল ভক্তদের জন্য ব্যতিক্রমী এক চাকরির সুযোগ নিয়ে এসেছে ফক্স স্পোর্টস। বিশ্বের শীর্ষ চাকরি প্ল্যাটফর্ম ইনডিড-এর সঙ্গে যৌথভাবে তারা চালু করেছে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ নামের বিশেষ পদ।
এই পদে নির্বাচিত ব্যক্তি পাবেন ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার সমান। তার মূল দায়িত্ব হবে ২০২৬ বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ সরাসরি দেখা।
প্রতিষ্ঠানটির ঘোষণায় বলা হয়েছে, নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্কের টাইমস স্কয়ার-এ তৈরি বিশেষ কাচঘেরা ‘ড্রিম ভিউয়িং স্পেস’ থেকে ম্যাচ উপভোগ করতে হবে। সব ম্যাচ সম্প্রচার করা হবে ফক্সের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ানে’।
ফক্স স্পোর্টসের মার্কেটিং প্রেসিডেন্ট রবার্ট গটলিব বলেন, এই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে, আর তারা এমন একজন ভক্ত খুঁজছেন যিনি প্রতিটি ম্যাচের আবেগ ও গল্প বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পারবেন।
নির্বাচিত ব্যক্তিকে শুধু ম্যাচ দেখা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি ওয়াচ পার্টি ও ফ্যান এনগেজমেন্ট কনটেন্ট তৈরি করে বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে হবে।
ইনডিডের চিফ মার্কেটিং অফিসার জেমস হোয়াইটমোর বলেন, সঠিক মানুষের কাছে সঠিক সুযোগ পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য, আর এই উদ্যোগ সেটিকেই নতুনভাবে তুলে ধরছে।
এই চাকরির জন্য আবেদন করতে হবে ইনডিড প্রোফাইল আপডেট করে এবং একটি ছোট ভিডিও জমা দিয়ে, যেখানে ব্যাখ্যা করতে হবে কেন আবেদনকারী এই পদের জন্য উপযুক্ত।
আবেদন গ্রহণ করা হবে আগামী ১৭ মে পর্যন্ত। নির্বাচিত ব্যক্তি ৬ জুন থেকে কাজ শুরু করবেন এবং দায়িত্ব শেষ হবে ২৬ জুলাই, বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











