খবর বাংলা ডেস্ক :
ময়মনসিংহের ভালুকা এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যার ঘটনায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাউলা এলাকা থেকে মো. রাজিব (২২) নামের যুবককে আটক করা হয়। এ নিয়ে মামলার মোট গ্রেপ্তারকৃত আসামীর সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে।
গ্রেপ্তার রাজিব ভালুকার কাশর পূর্বপাড়া এলাকার সোহরাব উদ্দিনের ছেলে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, রাজিব ঘটনাস্থলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সে রশি দিয়ে মৃত দিপু চন্দ্র দাসের লাশ ঝুলানোর সময় উত্তেজিত জনতাকে উসকানি দেয় এবং হত্যাকাণ্ডের সঙ্গে সহায়তা করে।
এখন পর্যন্ত হত্যাকাণ্ডের মামলায় ১১ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। বিষয়টি জনসমক্ষে ছড়িয়ে পড়লে উত্তেজনা বৃদ্ধি পায়। দিপু তখন পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানায় ছিলেন।
রাত ৯টার দিকে তাকে কারখানা থেকে বের করে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হয়। মৃতের ছোট ভাই অপু চন্দ্র দাস ভালুকা মডেল থানায় ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











