খবর বাংলা ডেস্ক :
সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। শনিবার নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছেড়েছে বাংলাদেশের কিশোরীরা। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ, দ্বিতীয়ার্ধে যোগ হয় আরও ৮ গোল।
এর আগে টুর্নামেন্টের সর্বশেষ আসরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার এককভাবে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বাফুফে এই বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপকে বিশেষ গুরুত্ব দিয়েছে। জাতীয় দলকে ঢাকায় রেখে প্রধান কোচকে নেপালে পাঠানো হয়েছে, আর সেই সিদ্ধান্তের ইতিবাচক ফল মিলেছে প্রথম ম্যাচেই।
ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। এরপর ভুটানের মেয়েদের জন্য ম্যাচটি কঠিন হয়ে ওঠে। প্রথমার্ধে চারটি ও দ্বিতীয়ার্ধে আটটি গোল করে গোল উৎসবে মাতে বাংলাদেশ।
ম্যাচে সর্বোচ্চ চার গোল করেন মুনকি আক্তার। তিনটি করে গোল করেন তৃষ্ণা রানী ও আলপি আক্তার। অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও মামুনি চাকমা একটি করে গোল করেন। ম্যাচের যোগ করা সময়েই আসে তিনটি গোল।
চার দেশের এই টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











