খবরবাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের জাতীয় ফুটবল দলকে বহনকারী একটি উড়োজাহাজকে বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি ইরাক। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বসরা বিমানবন্দরের দুই কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, অবতরণের অনুমতি না পেয়ে উড়োজাহাজটি ইরানে ফিরে যায় এবং আবাদান বিমানবন্দরে অবতরণ করে।
পরে সেখান থেকে সড়কপথে বসরায় যাওয়ার সিদ্ধান্ত নেয় ইরানের জাতীয় ফুটবল দল। বসরায় নিযুক্ত ইরানের কনস্যুলেটের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরাকের বসরায় আয়োজিত চার জাতির একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিল ইরানের দল। এই প্রতিযোগিতায় স্বাগতিক ইরাক ছাড়াও লেবানন ও ফিলিস্তিনের অংশ নেওয়ার কথা রয়েছে।
ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেওয়া হলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারত। এ কারণেই বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি।
## ইরানের বিমান চলাচলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব
ঘটনাটি ইরানের বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব আরও স্পষ্ট করেছে। গত ২৩ সেপ্টেম্বরের পর ইরানের বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করা বিশ্বের যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ইরানের বেসামরিক বিমান চলাচল সীমিত করার উদ্যোগ নেওয়া হয়।
এর আগে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানের ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দিয়েছিল ইরাক। ইরানি উড়োজাহাজকে সেবা দেওয়া বিমানবন্দর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, ইরানের বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিমানবন্দরও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এমনকি এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হতে পারে।
ইরানের পরিবহন খাতের ওপর বিধিনিষেধ আরও কঠোর করা এবং দেশটির নিষেধাজ্ঞার আওতায় থাকা বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
ওয়াশিংটনের অবস্থান অনুযায়ী, ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করার উদ্দেশ্য দেশটির অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের কথা বলা হলেও সংঘাতের অবসানে এখনো কোনো সমাধান আসেনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











