মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) দিনব্যাপী উপজেলার চাঁনপুর ও পাহাড়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় মেসার্স সান ব্রিকসের মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে পাহাড়পুর এলাকায় অবস্থিত মেসার্স আলাউদ্দিন (এইউবি) ব্রিকসের মালিককে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন বলেন, দুটি ইটভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিটিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











