খবরবাংলা ডেস্ক :
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অন্য সব নাগরিকের মতো সমান অধিকার ও সেবা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াতে সুবিধা দিতে মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল ও ট্রেনে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত ২৫ জুন থেকে সেই সুবিধা কার্যকর হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











