যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২ হাজার ১৫১ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে ২৯৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১ হাজার ৮৫৩ জন শিক্ষার্থী।
জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি শিক্ষার্থী বৃত্তি পেয়েছে খুলনা জেলা থেকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা।
- বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, যশোর শিক্ষা বোর্ডের অধীন ১০টি জেলার শিক্ষার্থীরা এ বৃত্তি পেয়েছে।
- জেলাভিত্তিক তালিকায় খুলনা জেলা থেকে সর্বোচ্চ ৫৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ১১৬ জন এবং সাধারণ গ্রেডে ৪২৮ জন রয়েছে।
- দ্বিতীয় অবস্থানে থাকা যশোর জেলা থেকে বৃত্তি পেয়েছে ৪৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ৭৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৩৮৬ জন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পাওয়া প্রত্যেকে মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেকে মাসে ৩৭৫ টাকা করে পাবে। এ ছাড়া মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৪৫০ টাকা করে অর্থসহায়তা পাবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য কয়েকটি শর্ত ও নীতিমালা নির্ধারণ করেছে যশোর শিক্ষা বোর্ড। এসব শর্ত অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে।
সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। কোনো প্রতিষ্ঠান এ নিয়ম লঙ্ঘন করে বেতন দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃত্তির গেজেটে শিক্ষার্থী যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে, সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের সনদ সাপেক্ষে শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেখান থেকে বৃত্তির টাকা উত্তোলন করতে পারবে।
তথ্য সূত্র : প্রথম আলো











