গোপালপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুরে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উপজেলার ৭৭টি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। ভোটাররা জানান, দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। তারা বলছেন, এবার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় নলিন আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। পরে সকাল ৯টায় দক্ষিণ পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ূন কবির।
মাওলানা হুমায়ূন কবির বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন নিরপেক্ষ থাকলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে আব্দুস সালাম পিন্টু বলেন, সুন্দর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে, যা তার কাছে ভিন্নরকম অনুভূতি। তিনি আশা প্রকাশ করেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে।
নলিন আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ জানান, প্রথম ঘণ্টায় প্রায় ৬০০ ভোট গ্রহণ হয়েছে এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক।











