খবরবাংলা ডেস্ক :
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত সংস্থা ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনা করা হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর, তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনারকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার অগ্রগতি জানতে রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেন সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)। এ সময় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর সংঘর্ষ ও উত্তেজনার পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশটি সরিয়ে দেওয়া হয়। ওই অভিযানে বহু মানুষের নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির তদন্ত চলছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











