খবরবাংলা ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকার তাদের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও সরকার তাকে আইনগত প্রক্রিয়ায় প্রত্যাবর্তন করাতে চায়। তিনি বলেন, যেহেতু তিনি ইতোমধ্যে আদালতে সাজাপ্রাপ্ত, তাই দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। তবে আত্মসমর্পণের সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে আইন বিশেষজ্ঞরা মত দেবেন।
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের বিরুদ্ধে পরিস্থিতি সৃষ্টি করতে কিছু মহল বিভিন্ন ইস্যুতে সক্রিয় রয়েছে। তাদের মধ্যে অনেকে প্রকৃত পরীক্ষার্থী নন বলেও তিনি দাবি করেন। তবে এ ধরনের ব্যক্তির সংখ্যা খুব বেশি নয় এবং সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ছড়িয়ে জনমনে উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। প্রকৃত তথ্য ও ঘটনার ভিত্তিতেই পরিস্থিতি মূল্যায়ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকার কূটনৈতিক ও আইনগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











