সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া এই শিক্ষককে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য ও নানা আয়োজনের মাধ্যমে প্রিয় শিক্ষককে সম্মান জানানো হয়। অনুষ্ঠান শেষে ফুলে সজ্জিত ছাদখোলা জিপে করে তাকে উপজেলার শালগ্রামপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলের একটি শোভাযাত্রাও অংশ নেয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আব্দুল হালিম মিয়া ১৯৮৯ সালে কালিয়ান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। টানা ৩৬ বছর দায়িত্ব পালন শেষে গত ৩১ মে অবসর গ্রহণ করেন। ঈদুল আজহার ছুটির কারণে পরে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ফজলুল হক। এতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা তার সততা, কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিয়া বলেন, “আব্দুল হালিম স্যার দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে শিক্ষকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শিক্ষার্থীদের কাছে সবসময় একজন প্রিয় শিক্ষক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।”
প্রাক্তন শিক্ষার্থীরাও তাদের স্মৃতিচারণ করে জানান, পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন, যা আজও তাদের জীবনে অনুপ্রেরণা হয়ে আছে।
বিদায়ী বক্তব্যে আব্দুল হালিম মিয়া বলেন, “শিক্ষকতা আমার জীবনের সবচেয়ে গর্বের অধ্যায়। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। আমি সবসময় চেষ্টা করেছি তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে।”
তিনি আরও বলেন, “কালিয়ান উচ্চ বিদ্যালয় শুধু আমার কর্মস্থল নয়, এটি আমার জীবনের একটি আবেগের নাম। আজকের এই ভালোবাসা ও সম্মান আমি সারাজীবন মনে রাখব।”











