খবরবাংলা ডেস্ক :
সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার দায়ে নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সৌদি সংবাদমাধ্যম **আরব নিউজের** প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় শনিবার ওই পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সদরদপ্তর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সৌদি আরবে সন্ত্রাসী হামলার অর্থায়ন ও সমর্থনের অভিযোগ ছিল।
মন্ত্রণালয় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচজনের নামও প্রকাশ করেছে। তারা হলেন মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের, আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ।
সৌদি কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যমটি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











