খবর বাংলা ডেস্ক :
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সেই ব্যবস্থা বিলুপ্ত করে শেখ হাসিনা প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে দেশে একনায়কতান্ত্রিক শাসন চালু রেখেছিলেন। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই সেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
আওয়ামী লীগকে ভারতীয় দল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ছিল একনায়কতান্ত্রিক ও গণতন্ত্রবিরোধী। এই সরকার ভারতের স্বার্থ রক্ষায় কাজ করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং আলেম সমাজের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তার ভাষায়, এটি ছিল একটি আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী সরকার, যা জনগণের মূল্যবোধ ও বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
তিনি বলেন, এখন মূল প্রশ্ন হলো—দেশের মানুষ কেমন বাংলাদেশ চায়। জনগণ ইতোমধ্যেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ চায়। মানুষ এমন একটি রাষ্ট্র দেখতে চায় যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুবিচার নিশ্চিত হবে এবং সামাজিক ন্যায়বিচার কার্যকর থাকবে।
পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











