খবরবাংলা ডেস্ক :
ভারত থেকে বাংলাদেশকে নিয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, অথচ এ বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান অবস্থান দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনের পরদিন থেকেই সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। পাশাপাশি মেয়ে শিশুদের ওপর নির্যাতনও বেড়েছে। এসব ঘটনার জন্য তিনি সরকারদলীয় নেতাকর্মীদের দায়ী করেন।
তিনি আরও বলেন, সংসদ ও আদালতের মধ্যে কোনো লুকোচুরি খেলা হোক, তা জামায়াতে ইসলামী চায় না।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মোকাবিলায় বৃহত্তর ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন জামায়াত আমির। তিনি জানান, সংলাপে দলীয় দাবি নয়, জনগণের দাবি নিয়েই বসবে জামায়াতে ইসলামী।
সম্প্রতি গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গেও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। সেখানে সরকারদলীয় তিনজন সংসদ সদস্য থাকার পরও তাঁরা নির্যাতিত ও অসহায় মানুষের খোঁজখবর নিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











