খবরবাংলা ডেস্ক :
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে আগামীকাল রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।
মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ এ খাতের অন্তর্ভুক্ত। শিল্প খাতে কর্মরত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। এ খাতে কর্মরত মানুষের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লাখ। পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।
তিনি আরও বলেন, দেশের এসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে অবস্থান করছেন এবং প্রায় ৬৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে ব্যবসা পরিচালনা করছেন। ফলে এ খাতের উদ্যোক্তাদের বিকাশ, অর্থায়ন এবং পণ্যের বাজার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ উদ্যোক্তা সুবিধা পেয়েছেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশই নারী।
তিনি বলেন, আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য কোনো ফি দিতে হবে না।
এবারের মেলায় আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ দেওয়া হবে। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
শিল্পমন্ত্রী জানান, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের। পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নেবে।
এ ছাড়া সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’, বিভিন্ন এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
মেলায় শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মেলায় উদ্যোক্তাদের জন্য প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কার্যক্রমের আয়োজন থাকবে। অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ঋণসংক্রান্ত তথ্য ও পরামর্শ নিতে পারবেন উদ্যোক্তারা। ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে সমঝোতা হলে মেলাতেই ঋণের আবেদন করার সুযোগ থাকবে।
এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর মেলার পাশাপাশি তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে সহজ অর্থায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, এসএমই পণ্যের বাজার সুরক্ষা এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
সেমিনার ও সংলাপে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান।
সংশ্লিষ্টদের আশা, এ মেলার মাধ্যমে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাঁদের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ক্রেতা, ব্যবসায়িক অংশীদার ও অর্থায়নের সুযোগ পাবেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











