খবরবাংলা ডেস্ক :
চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা।
অন্যদিকে, কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। আগে তাদের ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার ৫২৫ টাকা। এ ছাড়া শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণ করা হয়েছিল।
নতুন মজুরিকাঠামো অনুযায়ী, শ্রমিকদের জন্য মোট ছয়টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এ মজুরির মধ্যে মূল বেতন ৬ হাজার টাকা, বাড়িভাড়া ৩ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা।
নতুন কাঠামোতে সব গ্রেডের শ্রমিকের জন্য চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে মোট ২ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য গ্রেডের মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সর্বোচ্চ প্রথম গ্রেডে থাকা চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদে কর্মরত শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।
অন্যদিকে, কর্মচারীদের জন্য চারটি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এতে মূল বেতন ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার ৮৩৫ টাকা। পাশাপাশি শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা পাবেন।
কর্মচারীদের অন্যান্য গ্রেডের মধ্যে তৃতীয় গ্রেডের মাসিক মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই মজুরিকাঠামোর ফলে চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











