খবরবাংলা ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুর্নীতি করেননি—এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপির ভেতরের সবার কাছেই জানা। তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে আসিফ মাহমুদকে ছাড় না দেওয়ার পেছনে জামায়াতে ইসলামীর আমিরের মূল কারণ ছিল আসিফ মাহমুদের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগের দায় না নেওয়া।
পোস্টে রাশেদ খান লেখেন, আসিফ মাহমুদের আসনের বিষয়ে সুপারিশ করা সত্ত্বেও জামায়াতের আমির তা প্রত্যাখ্যান করেন। সংবাদ সম্মেলনে এনসিপির কোনো সিনিয়র নেতার উপস্থিত না থাকার কারণ হিসেবেও তিনি আসিফের দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, মাত্র ১৮ মাসের উপদেষ্টা জীবনে আসিফ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন, যা দুদকের শব্দের হেরফেরের কারণে ধামাচাপা দেওয়া যাবে না। তবে রাশেদ খানের এসব বক্তব্যের বিপরীতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











