খবরবাংলা ডেস্ক :
আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ ভবনকে সোলার সিস্টেমের আওতায় আনা হবে এবং সংসদের বিদ্যুতের সম্পূর্ণ চাহিদা সৌরবিদ্যুৎ থেকে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সাধারণ মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আগ্রহ বাড়াতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ওপর থেকে ইতিমধ্যে শুল্ক ও কর শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, আগামী ছয় মাসের মধ্যে যারা বাসাবাড়ি বা প্রতিষ্ঠানের ছাদে রুফটপ সোলার স্থাপন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবেন, সরকার তাদের কাছ থেকে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে। এই নির্ধারিত দর পরবর্তী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে, যা উৎপাদকদের সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ এনে দেবে।
এ ছাড়া সরকারি ভবন, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে বিশেষ গাইডলাইন ও বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা শীঘ্রই সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











