খবরবাংলা ডেস্ক :
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
রবিবার (৮ নভেম্বর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবে গতকাল ঘটে যাওয়া দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী শোকবার্তার বিষয়টি জানিয়েছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











