খবরবাংলা ডেস্ক :
দেশে বর্তমানে ১৭ লাখ মেট্রিক টন চাল ও ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও সরকার কাজ করছে।
রবিবার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, চলতি মৌসুমে সরকার ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে কৃষকদের কাছ থেকে কেনা হবে। কৃষকরা বিক্রি করতে আগ্রহী হলে লক্ষ্যমাত্রার বাইরেও ধান সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে সরকার।
এ ছাড়া ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে, যার প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।
খাদ্যমন্ত্রী জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ করবে সরকার। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটা চালের দাম বাড়েনি, তবে মিনিকেট চালের দাম বেড়েছে।
চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময়ে দেওয়া হয়েছিল উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ রয়েছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে।
তিনি আরও আশ্বস্ত করেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ থাকায় খাদ্যসংকটের আশঙ্কা নেই। সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











