ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় ১২ তলা জুমেলা টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। এসময় বিভিন্ন ফ্লোরে থাকা মোট ৪৫ জনকে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এখন পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।











