খবরবাংলা ডেস্ক :
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষায় ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে সন্দেহজনক ও পরীক্ষায় নিশ্চিত রোগীর তথ্য আলাদাভাবে তুলে ধরা হচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি










