খবরবাংলা ডেস্ক :
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বছরের পর বছর চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। চাকরি খোঁজার পরিবর্তে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও জানান, সরকার এসএমই নীতিমালা প্রণয়নের কাজ করছে। শিগগিরই এ নীতিমালা বাস্তবায়ন করা হবে।
এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন মেলায় বাংলাদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিকাশ জরুরি।
এ জন্য ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা নিজেদের উৎপাদিত পণ্য ও সেবা তুলে ধরছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











