কালিহাতী সংবাদ দাতা
ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দেশব্যাপী শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের অন্যান্য জেলা ও উপজেলার মতো কালিহাতীতেও শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম।
কালিহাতী পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালিহাতী পৌরসভার প্রশাসক ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক হিরোসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
পরিচ্ছন্নতা অভিযানে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস করা হয়।
অভিযানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। বাড়িঘর, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।










