ক্যাম্পাস প্রতিনিধি :
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়া সরকারি সা’দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন ওড়ানোর ৫০ পাউন্টের কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথি ও কলেজ কর্তৃপক্ষ। এরপর এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসার এস এম গিয়াস উদ্দিন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসার সৈয়দ শরীফ উদ্দিন ইস্পাহানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. শেখ ফরিদ। অন্যান্যদের মধ্যে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষকমণ্ডলী এবং বিভাগের প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সা’দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দীর্ঘ অর্ধেকেরও বেশি শতাব্দীর ইতিহাস, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
১৯৯২-৯৩ সেশনের প্রাক্তন শিক্ষার্থী অলক, শুভ, মালা, নাসরিন, রওশনসহ অনেকে বলেন, এই ক্যাম্পাস আমাদের বড় একটা আবেগের জায়গা। যৌবনের শুরুটা কেটেছে এই ক্যাম্পাসে। অনেকদিন পর পুরাতন বন্ধু, শিক্ষকদের সাথে সাক্ষাৎ হয়েছে। খুব ভালো লাগছে।
২০০০-২০০১ সেশনের প্রাক্তন শিক্ষার্থী তানভির রহমান জানান, এই ধরনের আয়োজন আমাদের পুরাতন বন্ধু, শিক্ষক এবং স্মৃতিময় ক্যাম্পাসকে আবার নতুন করে মনে করিয়ে দেয়। তিনি আরো বলেন, এখানে এসে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর পুরনো সহপাঠী ও প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে মেতে ওঠেন সব বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা; পুরো ক্যাম্পাস জুড়ে নেমে আসে এক আবেগঘন ও আনন্দের আমেজ। মধ্যাহ্নভোজ ও ঐতিহ্যবাহী স্মারক বিতরণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় এই সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান।











