খবরবাংলা ডেস্ক :
ক্ষমতা ও পদবীকে দেশের সবকিছুর ঊর্ধ্বে মনে করার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আবদুল মঈন খান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়া বাদ দিয়ে রাজনীতিতে জড়ানো উচিত নয়। পড়াশোনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি অন্যান্য কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়ার ওপরও গুরুত্ব দেন। তাঁর মতে, শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে আবদুল মঈন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল পদ্ধতি অক্সফোর্ড থেকে নেওয়া হয়েছে। সেখানে যথাযথভাবে পড়াশোনা না হলে দেশ কীভাবে এগিয়ে যাবে—এ প্রশ্নও তোলেন তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











