খবরবাংলা ডেস্ক :
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ অর্থনৈতিক ও নিরাপত্তাগত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি নথিতে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত তাদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা।
এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার বিষয়টিও আলোচনায় উঠে আসে। রায়-পরবর্তী সময়ে বিশ্ব সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগ এবং মিয়ানমারের ওপর জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বৈঠকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে লাখ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক আশ্রয় ও সহায়তা দেওয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
তিনি জানান, মিয়ানমারে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক পাচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা ও আধুনিক প্রশিক্ষণ বাড়াতে সহযোগিতার বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











