খবরবাংলা
,
ডেস্ক
বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন দেওয়া তিনটি সংসদীয় আসনে দলটির বিকল্প প্রার্থীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তাঁর অসুস্থতার কারণে আগে থেকেই এসব আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
বিকল্প প্রার্থীদের মধ্যে ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বাভাবিক প্রক্রিয়ায় বাতিল হবে। তবে যেহেতু বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ রয়েছে, তাই তারাই নির্বাচনে অংশ নেবেন।
তিনি আরও জানান, এ ক্ষেত্রে নির্বাচন স্থগিত বা বাতিল করার কোনো আইনি সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বঘোষিত তফসিল অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











