খবর বাংলা ডেস্ক :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা ও গবেষণার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান নির্বাচন-পূর্ব সময়ে ক্যাম্পাসে স্থিতিশীলতা রক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, চলমান উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ, শিক্ষা ও গবেষণার পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, এই লক্ষ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে। দেশ, শিক্ষা ব্যবস্থা ও তরুণ প্রজন্মের কল্যাণে সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











