টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে গর্ভবতী স্ত্রী হত্যা মামলায় স্বামী সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সোলায়মান (৪৭) টাঙ্গাইল পৌর এলাকার দিঘুলিয়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের আয়শা বেগমের সঙ্গে সোলায়মানের বিয়ে হয়। বিয়ের পর গায়ের রঙ কালো হওয়ায় আয়শাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন।
২০০৭ সালের ৫ মার্চ রাতে ছয় মাসের গর্ভবতী আয়শাকে শ্বাসরোধে হত্যা করে তার মরদেহ টাঙ্গাইল সদর উপজেলার গালুটিয়া গ্রামের একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। পরদিন স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নিহতের মামা আদম আলী বাদী হয়ে স্বামীসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছর পর আদালত সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং অপর তিন আসামিকে খালাস দেন। রায়ের সময় সোলায়মান আদালতে উপস্থিত ছিলেন না।











