টাঙ্গাইল সদর সংবাদ দাতা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সরকারের অবহেলার কারণে সময়মতো হামের টিকা দেশে আনা সম্ভব হয়নি। ফলে জনগণ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছিল। বর্তমান সরকারের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে হামের টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
সোমবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে হাম ও রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছিল। সময়মতো টিকা সরবরাহ নিশ্চিত না হওয়ায় জনগণ অনিশ্চয়তার মধ্যে ছিল। এ ধরনের অবহেলার জন্য তিনি আগের সরকারের সমালোচনা করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় দ্রুত হামের টিকা পৌঁছে দেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, মানুষের জীবনে স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে। ভবিষ্যতে স্বাস্থ্য বিষয়ে কোনো ধরনের অবহেলা না করে সচেতনতা বাড়ানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির, জেলা সিভিল সার্জন ডাক্তার এএফএম মাহবুবুল আলম মঞ্জু, পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











