টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল এলজিইডি ক্যাম্পাসে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত হলো কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবিএম রেজাউল বারী।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক ও তাদের সহধর্মিনীদ্বয়। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানার পারভীন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রকৌশলী সাকিব-উল-হাফিজ।
ফাইনাল খেলায় তিন সেটের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় ঠিকাদার পক্ষের তুষী এন্টারপ্রাইজের হিমেল খান ও আলিমুল ইসলামকে পরাজিত করে নির্বাহী প্রকৌশলী দপ্তরের সাকিব-উল-হাফিজ ও নাদিমুল ইসলাম বিজয়ী হন।
টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা ও ঠিকাদারদের সমন্বয়ে ৪টি গ্রুপে মোট ২৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গত ২৮ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্ট পুরো মাস জুড়ে চলেছে এবং খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার উত্তেজনা ধরে রেখেছে।
এই টুর্নামেন্ট কেবল ক্রীড়াবিদদের মধ্যে নয়, স্থানীয় কমিউনিটির মধ্যে খেলাধুলার উৎসাহ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে।











