খবরবাংলা ডেস্ক :
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি অপরাধের ঘটনা শনাক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনায় ৯ হাজার ৫৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ৪১ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আবাসন আইন লঙ্ঘনের ৬ হাজার ৪৩টি, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের ৩ হাজার ১৯১টি এবং শ্রম আইন লঙ্ঘনের ২ হাজার ৩৫৩টি ঘটনা শনাক্ত করা হয়েছে।
এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে আরও ১৮ জনকে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ৯ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, আইন লঙ্ঘন করে প্রবাসীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা নিয়োগের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলার বিষয়ে দেশটির কর্তৃপক্ষের এ অভিযানকে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











