নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, টাঙ্গাইলের ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় পরিকল্পিত সিটি করপোরেশন গঠন এখন সময়ের দাবি।
সংসদ সদস্য আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় ক্ষুদ্র ঋণ ও সহজ শর্তে অর্থায়ন চালু করা প্রয়োজন। তিনি জানান, সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় অনেক তাঁতি সংকটে পড়েছেন এবং বিকল্প কর্মসংস্থানের জন্য অন্যত্র চলে যাচ্ছেন।
এছাড়া টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য সংরক্ষণে তাঁতিদের সহায়তা, মাওলানা ভাসানীর স্মৃতি সংরক্ষণ, তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সরকারি স্বীকৃতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং সঞ্চয়পত্র ও আয়কর সীমা পুনর্বিবেচনারও দাবি জানান তিনি।











