টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত তিন দিনে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত একাধিক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বহিষ্কারের তথ্য জানানো হয়।
সর্বশেষ শনিবার দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একই অভিযোগে টাঙ্গাইল পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেকুল হক সেলিমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এছাড়া বুধবার (২৮ জানুয়ারি) দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি হাদীউজ্জামান সোহেল, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল পৌর শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম সাদেক এবং টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তমকে বহিষ্কার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতারা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে টাঙ্গাইল-৫ আসনে দলের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে দলের বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সাধারণ সম্পাদক, স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) অ্যাডভোকেট ফরহাদ ইকবালের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। এই কারণেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপি।











