মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরসদরের বাইমহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলম মিয়া মির্জাপুর বাজার এলাকার বাঘা সওদাগরের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালে গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হন মির্জাপুরের সুজন মিয়া। এ ঘটনায় পরে তিনি দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা করেন। মামলার এজাহারে আলম মিয়ার নাম না থাকলেও তদন্তে ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
এদিকে, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় মির্জাপুর উপজেলার আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর আলম মল্লিক, মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাদশা মিয়া, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী যুবরাজ, গোড়াই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বিল্টু এবং উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।











