খবরবাংলা ডেস্ক :
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অবিস্ফোরিত ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মশাল, কেরোসিন ও মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ২৯ জন এবং উত্তরা বিভাগে ৫৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল এবং ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। পাশাপাশি ৬ হাজার ৮৭১টি ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৯ বোতল এস্কাফ উদ্ধার করেছে পুলিশ।
এ ছাড়া একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মুঠোফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











