খবরবাংলা ডেস্ক :
শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা কোনো ধরনের পাসপোর্ট বা বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মো. ইমদাদুল হক (২৯), মো. আক্তারুল হক (২০), মো. মিনারুন (১৯), মো. শামিম (২৩), মো. আঃ করিম (২১), মো. ইউসুফ (২১), মো. শওকত আলী (৩৫), মো. আলামিন (২৪), মো. আব্দুল্লাহ (২৫), মো. হাসান (২৫), মো. রুবেল (৩০) ও মো. মেসবাউল (২০)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছেন।
সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
তথ্য সূত্র : যমুনা টিভি











