খবরবাংলা ডেস্ক :
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কয়েকটি স্থানে শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় এক স্থানে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। অন্য স্থানে পুলিশ ধাওয়া দিয়ে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক অসন্তোষের কারণে এসব এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে চলমান শ্রমিক বিক্ষোভের বিভিন্ন ঘটনায় কারখানা ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় মোট ২৪টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বুধবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এদিন ১০টি কারখানা বন্ধ রয়েছে। দিনের জন্য ছুটি ঘোষণা করেছে ৭টি কারখানা। এ ছাড়া কাজ না হওয়ায় আরও ১৩টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজ ১১টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানান তিনি।
সকালে সাভারের রেডিও কলোনি, উলাইল, ফুলবাড়িয়া ও হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকদের নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে দেখা যায়। তবে সকাল সাড়ে আটটার পর কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বের হয়ে যান।
হেমায়েতপুর থেকে সিঙ্গাইর সড়কের পাশে ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার শ্রমিকদের কারখানার বাইরে অবস্থান করতে দেখা যায়। এর আগে একই এলাকার আলেয়া অ্যাপারেলস লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এ সময় পুলিশ শ্রমিকদের সড়কের পাশ থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। একপর্যায়ে কয়েকজন শ্রমিক নিজেদের দাবি ও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। পরে পুলিশের হ্যান্ডমাইকে দেওয়া ঘোষণার পর শ্রমিকেরা ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।
অন্যদিকে সকাল সোয়া ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নরসিংহপুর এলাকায় সারমিন গ্রুপের একটি কারখানার সামনে শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিভিন্ন স্থানে শ্রমিকেরা জড়ো হলে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের দাবিদাওয়া ও আন্দোলন শান্তিপূর্ণ থাকলে পুলিশ বল প্রয়োগ করবে না। তবে আন্দোলনের মধ্যে কোনো দুষ্কৃতকারী পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : প্রথম আলো











