খবর বাংলা ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। এ সময় তার সঙ্গে যমুনা গ্রুপের পরিবারের সদস্য ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে যমুনা গ্রুপের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। সাক্ষাৎকালে জিয়া পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম।
এ সময় বেগম খালেদা জিয়ার দীর্ঘ ও গৌরবময় রাজনৈতিক জীবনের অসামান্য অবদান স্মরণ করে বক্তব্য রাখেন সালমা ইসলাম। তিনি দেশের গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও নেতৃত্বে খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরেন।
সৌজন্য সাক্ষাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতিচারণ করেন এবং দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি যমুনা গ্রুপের বর্তমান ব্যবসা-বাণিজ্য ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
তারেক রহমান এ সময় চব্বিশের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে যমুনা গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠান যুগান্তর ও যমুনা টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।
সাক্ষাৎকালে যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম এবং এস এম আব্দুল ওয়াদুদ।
তথ্য সূত্র : যমুনা টিভি











