খবরবাংলা ডেস্ক :
শীত এলেই বাজারে দেখা মেলে নানা রকম তাজা সবজির। ফুলকপি, গাজর, বরবটি, মটরশুঁটি ও মিষ্টিকুমড়ার মতো মৌসুমি সবজি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু অনেক পদ।
শীতের দুপুরে গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে পাঁচফোড়নের সুগন্ধে তৈরি মিক্সড ভেজিটেবল হতে পারে দারুণ আয়োজন। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করতে পারেন মজাদার এই সবজি। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ
- গাজর, আলু, ফুলকপি, বরবটি, মটরশুঁটি ও মিষ্টিকুমড়া পরিমাণমতো
- পাঁচফোড়ন ১ চা চামচ
- শুকনা মরিচ ২টি
- হলুদ গুঁড়া পরিমাণমতো
- মরিচ গুঁড়া পরিমাণমতো
- আদাবাটা পরিমাণমতো
- লবণ স্বাদমতো
- সরিষার তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে সব সবজি ভালোভাবে ধুয়ে পছন্দমতো ছোট ছোট টুকরো করে কেটে নিন।
এবার একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। সুন্দর ঘ্রাণ বের হলে আদাবাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিন।
এরপর কেটে রাখা সবজিগুলো একে একে কড়াইয়ে দিয়ে দিন। সবজির সঙ্গে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন।
এবার অল্প পানি দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে সবজিগুলো নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায় এবং সবজি সমানভাবে সেদ্ধ হয়।
সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে মসলা মাখামাখা হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
পরিবেশন
তৈরি হয়ে গেল সুস্বাদু পাঁচফোড়নের মিক্সড ভেজিটেবল। গরম ভাত, খিচুড়ি কিংবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। শীতের দুপুরের খাবারে যোগ হবে বাড়তি স্বাদ ও বৈচিত্র্য।











