খবরবাংলা ডেস্ক :
দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। তবে শুধু কতক্ষণ শরীরচর্চা করছেন, সেটিই নয়; বরং কী ধরনের ব্যায়াম করছেন, তার ওপরও নির্ভর করতে পারে দীর্ঘায়ুর সম্ভাবনা। নতুন এক গবেষণায় দেখা গেছে, একই ধরনের ব্যায়ামের পরিবর্তে বিভিন্ন ধরনের শরীরচর্চার অভ্যাস গড়ে তুললে মৃত্যুঝুঁকি কমতে পারে।
হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানো, ভারোত্তোলন কিংবা যোগব্যায়াম—বিভিন্ন ধরনের শারীরিক কর্মকাণ্ড শরীরের জন্য আলাদা আলাদা উপকার বয়ে আনে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক দীর্ঘমেয়াদি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
সম্প্রতি প্রকাশিত গবেষণাটিতে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের ৩০ বছরের স্বাস্থ্য ও শরীরচর্চার তথ্য বিশ্লেষণ করেন গবেষকেরা। এতে দেখা যায়, যারা নিয়মিত বিভিন্ন ধরনের ব্যায়াম করেছেন, তাদের মৃত্যুঝুঁকি তুলনামূলক কম ছিল।
গবেষণার তথ্য অনুযায়ী, একই পরিমাণ সময় শরীরচর্চা করলেও যারা কেবল একটি নির্দিষ্ট ধরনের ব্যায়ামে অভ্যস্ত ছিলেন, তাদের তুলনায় বিভিন্ন ধরনের ব্যায়াম করা ব্যক্তিদের ৩০ বছরে মৃত্যুঝুঁকি ১৯ শতাংশ কম ছিল।
গবেষণাটির প্রধান লেখক ইয়াং হুর মতে, বিভিন্ন ধরনের ব্যায়াম শরীরের ভিন্ন ভিন্ন অঙ্গ ও কার্যক্রমের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। যেমন শক্তিবর্ধক ব্যায়াম পেশির সক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে হাঁটা ও দৌড়ানোর মতো বায়বীয় ব্যায়াম হৃদ্যন্ত্র ও ফুসফুসের কার্যক্ষমতা উন্নত করে। পাশাপাশি এসব ব্যায়াম রক্তের চর্বি, রক্তচাপ ও ইনসুলিনের কার্যকারিতার ওপরও ভিন্নভাবে প্রভাব ফেলতে পারে।
গবেষণায় সামগ্রিক মৃত্যুঝুঁকির পাশাপাশি হৃদ্রোগ, ক্যানসার ও শ্বাসতন্ত্রের রোগে মৃত্যুর ঝুঁকিও বিশ্লেষণ করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের ব্যায়ামে অভ্যস্ত ব্যক্তিদের এসব রোগে মৃত্যুর ঝুঁকিও তুলনামূলক কম পাওয়া গেছে।
আলাদা ব্যায়ামের প্রভাব বিশ্লেষণে দেখা যায়, যারা সবচেয়ে বেশি হাঁটতেন, তাদের মৃত্যুঝুঁকি সবচেয়ে কম হাঁটতেন এমন ব্যক্তিদের তুলনায় ১৭ শতাংশ কম। একইভাবে বেশি দৌড়ানো ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ছিল ১৩ শতাংশ কম। শক্তিবর্ধক ব্যায়াম, নৌকা চালানো ও টেনিস খেলার ক্ষেত্রেও ইতিবাচক ফল পাওয়া গেছে। তবে সাঁতার ও সাইকেল চালানোর ক্ষেত্রে উপকারের মাত্রা তুলনামূলক কম দেখা গেছে।
গবেষকদের মতে, দীর্ঘায়ুর জন্য একটি নির্দিষ্ট ব্যায়ামকে সবচেয়ে কার্যকর বলা যায় না। বরং একাধিক ধরনের শরীরচর্চার সমন্বয় সামগ্রিক স্বাস্থ্যের জন্য বেশি উপকারী হতে পারে।
তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি কোনো নিয়ন্ত্রিত পরীক্ষার মাধ্যমে পরিচালিত হয়নি। বরং দীর্ঘ সময় ধরে মানুষের জীবনযাপন, শরীরচর্চা ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ করে ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। তাই বিভিন্ন ধরনের ব্যায়ামের সঙ্গে মৃত্যুঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেলেও এটিকে সরাসরি কারণ ও ফলাফলের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না।
গবেষণার প্রধান লেখক ইয়াং হুর মতে, সবার জন্য একই ধরনের ব্যায়ামের সমন্বয় নির্ধারণ করা সম্ভব নয়। ব্যক্তির শারীরিক অবস্থা, সক্ষমতা ও পছন্দ অনুযায়ী ব্যায়ামের ধরন বেছে নেওয়া উচিত।
সব মিলিয়ে দীর্ঘদিন সুস্থ থাকতে শুধু ব্যায়ামের সময় বাড়ানোই যথেষ্ট নয়, শরীরচর্চায় বৈচিত্র্য আনাও গুরুত্বপূর্ণ। হাঁটা, দৌড়ানো, শক্তিবর্ধক ব্যায়াম কিংবা পছন্দের অন্য কোনো শারীরিক কর্মকাণ্ড নিয়মিত করার অভ্যাস গড়ে তুলতে পারলে সুস্থ জীবনযাপনের সম্ভাবনা বাড়তে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











