খবরবাংলা ডেস্ক
ইউরোপে যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজের সংখ্যা জানা যায়নি। সোমবার (৯ নভেম্বর) সরকারি সূত্রের বরাত দিয়ে সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস) এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট-লুইসের মধ্যবর্তী সমুদ্রে কাঠের তৈরি ছোট নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে থাকা অভিবাসীরা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করছিলেন। সেনেগালের অভিবাসীদের সহায়তাকারী সংগঠন বোজা ফি-এর প্রতিষ্ঠাতা সালিউ দিয়ুফ বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত উদ্ধার হওয়া সব মরদেহই সেনেগালের নাগরিকদের। তবে নৌকায় থাকা অন্য যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, বিপজ্জনক অভিবাসনযাত্রার আয়োজকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি তরুণদের জন্য নিজ দেশেই কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
স্পেনভিত্তিক অভিবাসী অধিকার সংগঠন ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। সংগঠনটির পর্যবেক্ষণ করা অভিবাসন রুটগুলোর মধ্যে এ পথেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তাদের হিসাব অনুযায়ী, সমুদ্রপথে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টাকারী প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত শুক্রবার স্পেনে যাওয়ার চেষ্টাকালে ১৪২ জন অভিবাসীবাহী আরেকটি নৌকা আটক করে সেনেগালের কর্তৃপক্ষ। ওই নৌকায় ২৩ জন নারী ও চারটি শিশু ছিল। যাত্রীদের মধ্যে সেনেগাল, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি ও নাইজেরিয়ার নাগরিক ছিলেন।
অন্যদিকে, অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় শনিবার স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন।
পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে ক্যানারি দ্বীপপুঞ্জ। ইউরোপ ও উত্তর আফ্রিকার দেশগুলো সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করায় কিছু অভিবাসী বিকল্প হিসেবে এই বিপজ্জনক সমুদ্রপথ বেছে নিচ্ছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, সেনেগালে কর্মসংস্থানের অভাব, পারিবারিক চাপ এবং বিদেশে অভিবাসনের পরিচিত নেটওয়ার্কের কারণে অনেকে দেশ ছাড়ছেন। উন্নত আয় ও জীবিকার আশায় ঝুঁকি নিয়েই অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় সমুদ্র পাড়ি দিচ্ছেন অনেক তরুণ।










