খবরবাংলা ডেস্ক
বন্দী বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছে বাংলাদেশ। পাসপোর্ট নবায়নের মাধ্যমে তাঁকে দেশে ফেরানো হবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁর পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি ও হত্যাকারী এ ধরনের আবেদন করতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে থাকা বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফিরতে হবে।
শুধু অর্থের বিনিময়ে কোনো আইনজীবী প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে কাজ করলে তাদের নৈতিক অবস্থান কোথায়—এমন প্রশ্নও তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। দণ্ডপ্রাপ্ত আসামিকে যেভাবে হস্তান্তরের দাবি জানানো হয়, শেখ হাসিনাকেও সেভাবেই হস্তান্তর চায় বাংলাদেশ।






