খবরবাংলা ডেস্ক
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী ডিসেম্বরের মধ্যেই এ উন্নয়নকাজের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় হাসপাতালের আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিট ব্যবস্থা, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকেরা নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকেরা যাতে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রাখতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, রোগীদের সঙ্গে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের আরও ভালো ও সহনশীল আচরণ করতে হবে। সরকার দেশের চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে। এ ক্ষেত্রে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।







