খবরবাংলা ডেস্ক
রাজধানীতে নতুন করে ই-অটোরিকশা চালুর অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলাচলরত ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। এতে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাদের পাশাপাশি শত শত অটোরিকশার মালিক ও চালক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা উচ্ছেদ চান না, বরং বৈধভাবে জীবিকা নির্বাহের সুযোগ চান। বর্তমানে চলাচলরত অটোরিকশাগুলো নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আনা হলে সরকার রাজস্ব পাবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং লাখো পরিবারের জীবিকার নিরাপত্তা নিশ্চিত হবে।
এ সময় সড়কে পুলিশি হয়রানি বন্ধেরও দাবি জানান তারা। বক্তাদের অভিযোগ, রেকার ও ডাম্পিংয়ের নামে অটোরিকশার মালিক-চালকদের হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। পাশাপাশি অটোরিকশা চার্জ দেওয়ার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং এ নিয়ে হয়রানি বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।











